মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমান

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : আসামি গ্রেফতারে সাহসিকতা, পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় মৌলভীবাজার জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। বুধবার (১৫ জুলাই ২০২৬) মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তাঁর হাতে এ বিশেষ পুরস্কার তুলে দেন। জুন-২০২৬ মাসে বিভিন্ন মামলার আসামি গ্রেফতার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা ও সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা নির্বাচন করে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হক, মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সফলতার স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার প্রদান পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে।