কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সরকার জেলা হাসপাতালগুলোকে আরও কার্যকর, পরিচ্ছন্ন ও জনবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শনিবার(১১ জুলাই) বিকালে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন- হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। চিকিৎসক সংকট, যন্ত্রপাতি, জনবল, টেকনিশিয়ানের অভাব, লিফটসহ অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেন, জরুরি বিভাগে দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা- এসব বিষয়ে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। রোগীরা যেন হয়রানির শিকার না হন এবং কাক্সিক্ষত সেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সহায়তা অব্যাহত থাকবে। জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জেনারেল হাসপাতালের সহ-সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জেলার পাশাপাশি আশপাশের অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাকেন্দ্র। তাই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। সরকার জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করতে কাজ করছে। জনগণ যেন মানসম্মত ও হয়রানিমুক্ত চিকিৎসাসেবা পায়, সেটিই আমাদের সবার অঙ্গীকার।
সভায় রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক(পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম-সচিব), পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ ড্যাব এর স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
