মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীনের কুরমা বন বিটের কুরমা খাসিয়া পুঞ্জি সংলগ্ন ছোট পিকল এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ| গত ৭ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে শুরু হয় আর রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে আনুমানিক ১ হাজার পান চারা উপড়ে ফেলা হয়| রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া জানান- সংরক্ষিত বনভূমি দখল ও অবৈধ পান চাষের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়| এ ঘটনায় বন আইনে একটি পিওআর বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে| তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে| অভিযানে কুরমা বিট কর্মকর্তা মো. জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন| বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনভূমি দখল ও অবৈধ চাষাবাদ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|
