সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ; ধর্ষক গ্রেপ্তার

সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায়য় ১৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মোঃ আঃ সালামকে (৫৫) গ্রেপ্তার করেছে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন বিকেল ৪:০০ টার দিকে উপজেলার ধোপাদাহ ইউনিয়নের হলদঘর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা ডাক্তার দেখানোর জন্য ওই দিন ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে কিশোরীটি একা ছিল। এই সুযোগে প্রতিবেশী মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ আঃ সালাম ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে নিজ বাড়িতে জাম খাওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। ঘরের ভেতর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।
পরবর্তীতে ভুক্তভোগীর মা ঢাকা থেকে বাড়ি ফিরলে, ২০ জুন বিকেলে কিশোরীটি তার মায়ের কাছে কান্নাকাটি করে ঘটনার বিস্তারিত প্রকাশ করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে ২১ জুন ২০২৬তারিখে সাঁথিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন। পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করে (মামলা নম্বর-১৮, তারিখ: ২১/০৬/২০২৬)।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আনিছুর রহমান জানান, “অভিযোগ পাওয়ার পরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামি মোঃ আঃ সালামকে গ্রেপ্তার করেছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।