সুন্দরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। গত সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার সীচা চৌরাস্তা ও পাঁচপীর বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সীচা ফকিরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মঞ্জু মিয়া এবং উত্তর দুলাল গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে মো. বাদল মিয়া।

এ ঘটনায় কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. কামাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করেছেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।