প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সরকারি মেডিকেল কলেজ সহপাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন।

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে আগামী ১৭ জুন-২০২৬ইং, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার সরকারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, জেলার ছোট বড় হাওর গুলো সুরক্ষা দেয়া, শমশেরনগর বিমানবন্দর চালু, পাবলিক ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মৌলভীবাজার বাইপাস সড়ক নির্মাণ, ঢাকা সিলেট রেলের ডাবল ও রেল বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়ে আজ ১৫ জুন সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠন এর পৃষ্ঠপোষক নুরুল ইসলাম মাহবুব। উপস্থিত ছিলেন- বিআইএস এর আজীবন সদস্য দেলওয়ার হোসেন, কার্যকরী পরিষদের রেদয়ান আহমদ ছামী। লিখিত বক্তব্যে জানান- মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে বিগত ২০১৭ সাল থেকে আন্দোলন করে আসছি আমরা।
সেই দাবী আজ গণদাবীতে পরিণত হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে দেশে-প্রবাসে গোলটেবিল বৈঠক, সেমিনার, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, জেলাব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধনসহ আমাদের কর্মসূচি চলমান। নানা স্থানে লিখিত ও মৌখিক ধরনা দিচ্ছি আমরা। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই সব কর্মসূচীতে সকলেই মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করেন। মৌলভীবাজার একটি অগ্রসরমান ও অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জেলার বনজ ও খনিজ সম্পদ শিল্প, পর্যটন শিল্প, চা শিল্প ও আগর শিল্প ইত্যাদি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। শিক্ষা ও স্বাস্থ্যখাতে এই জেলার আরো উন্নয়ন সময়ের দাবি। পর্যটনের জন্য সমৃদ্ধ এই জেলা। এই জেলার অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা প্রাইভেট মেডিকেলে টাকার অভাবে পড়তে পারে না। সরকারি বিশ্ববিদ্যালয় না থাকায় প্রতি বছর উচ্চ মাধ্যমিক পাশ করেও উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে না বিপুল সংখ্যক শিক্ষার্থী। যার ফলে ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়ছে। ৭টি উপজেলার প্রায় ২৫ লক্ষ মানুষের জন্য নাই কোনো মেডিকেল কলেজ। অনেক মুমূর্ষ রোগীকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া সম্ভব হয় না যে কারণে অনেক মুমূর্ষ রোগী সিলেট অথবা ঢাকা নেওয়ার পথেই মৃত্যুমুখে পতিত হন। সার্বিক অবস্থা বিবেচনায় মৌলভীবাজারে দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু করার জন্য আমরা সবিনয় নিবেদন করছি। বাংলাদেশের ভূপ্রকৃতি ও অর্থনীতিতে হাওরাঞ্চলের অবদান বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্ষায় হাওরের দৃষ্টিনন্দন বিশাল জলরাশি দেশের প্রাকৃতিক মৎস্যের সবচেয়ে বড় উৎসস্থল। শুকনো মৌসুমে এসব হাওর হয়ে ওঠে বাংলাদেশের শস্যভা-ার। দেশের আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণ তথা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে নিরন্তর ভূমিকা রাখছে হাওরাঞ্চল। হাওর-নদী-চা বাগান-ঝরনা-পাহাড়ি টিলা-খাল-বিলের অপূর্ব সমন্বয়ে সৃষ্ট আমাদের মৌলভীবাজার। জেলার ভূপ্রকৃতির ফুসফুসের ভূমিকা পালন করছে: উজানের চা-বাগান বেষ্টিত পাহাড়-জঙ্গল। আর কিডনির ভূমিকা পালন করছে: ভাটি অঞ্চলের ছোট-বড় ৩০টি হাওর, এই হাওরগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির জন্য সিলেট বিভাগের পর্যটন শিল্পের বিকাশ, বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে আগতদের যাতাযাতের সুবিধার্থে প্রবাসী জনগোষ্ঠী অধ্্ুযষিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শমশেরনগর বিমান বন্দরটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সরাসরি ফ্লাইট চালুর জোর দাবি জানাচ্ছি।
যোগাযোগ ব্যবস্থা আমাদের যে বেহাল দশা তা থেকে মুক্ত করতে জরুরী পদক্ষেপ গ্রহণ বিশেষ করে আঞ্চলিক সড়ক ও রেলপথের উন্নয়ন করতে হবে ঢাকা সিলেট রেলপথের ডাবল লাইন এবং জেলা সদরের যানজট নিরসনে বাইপাস সড়ক জরুরী হয়ে পড়েছে মানুষের ভোগান্তি লাঘবের জন্য। আমাদের মৌলভীবাজারের সার্বিক উন্নয়নে বিগত সময়ে বিএনপি সরকারের সময়ে এ জেলার কৃতি সন্তান সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উন্নত সমৃদ্ধশালী জাতিগঠনে উচ্চ শিক্ষার বিকল্প নাই। দেশের মানুষ অবগত আছেন আপনার সরকার শিক্ষাখাতে বরাদ্ধ বৃদ্ধিসহ শিক্ষার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার প্রথম মেয়াদেই স্বল্পতম সময়ে দেশের শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তনের কর্ম প্রচেষ্টা শুরু করেছেন। এ উদ্যোগ গ্রহণ করার কারণে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সহজলভ্য করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই সরকারের এ প্রশংসনীয় উদ্যোগের বাস্তবায়ন অগ্রাধিকার ভিত্তিতে মৌলভীবাজার শিক্ষা ও স্বাস্থ্যখাত সমৃদ্ধ হোক। আমাদের মৌলভীবাজার এর রয়েছে গর্ব করার মত বিভিন্ন গৌরবোজ্জ্বল ইতিহাস। ইতিহাসের সেই গৌরবকে ধরে রাখতে হলে তরুণ প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তরুণরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমরা মৌলভীবাজার জেলাবাসী একই চেতনায় মিলিত হয়ে মৌলভীবাজারবাসীর এসব প্রাণের দাবী।