যশোরে জমি ক্রয়কে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

ইয়ানূর রহমান : যশোর জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ঢের টার দিকে সদরের মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই কোতোয়ালি থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে।

নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করেন । পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনেরা আহত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা মামাতো-ফুফাতো ভাই বলেও জানা গেছে।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করা হয়। ঘটনার তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।