সাঁথিয়ায় ধর্ষণ চেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেফতার, দল থেকে বহিস্কার

সাঁথিয়া(পাবনা) সংবাদদাতা:
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার আর- আতাইকুলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুবদলের সহসভাপতি আবুল কাশেমকে ধর্ষণ চেষ্টা মামলায় শাহজাদপুর থেকে সোমবার (১৫ জুন) ভোরে গ্রেফতার করেছে থানা পুলিশ। দলীয় শৃংখলা ভঙের কারণে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

গ্রেপ্তার আবুল কাশেম সাঁথিয়ার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে রোববার (১৪ জুন) অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।
এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।