ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে ঝিনাইগাতী ব্র্যাক অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জন কিশোরী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শওকত আলম। তিনি অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস-মুরগি পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধে সময়োপযোগী টিকাদানের গুরুত্ব, খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩২ জন কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ঝিনাইগাতী এরিয়া ম্যানেজার মো. সাইদুজ্জামান এবং উপজেলা অফিসার হোসনে আরা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কিশোরীরা পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি পালন করে নিজেদের আয় বৃদ্ধি করার পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।