বার ভবনেই সন্ত্রাসী হামলা : আইনজীবী সমিতির তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার আদালত পাড়ার নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে। জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের ভেতরেই ঢুকে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক বিচারপ্রার্থী। রামদা, রড ও চাকু নিয়ে হামলাকারীরা প্রকাশ্যে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি আজ ৯ জুন-২০২৬ইং, দেয়া এক প্রতিবাদ লিপিতে জানায়, গতকাল (৮জুন-২০২৬ইং সোমবার) বেলা ২.১৫ ঘটিকার সময় কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সমিতির ১নং বার ভবনে প্রবেশ করে। তারা মৌলভীবাজার সদর থানার হরিদত্ত গ্রামের বিচারপ্রার্থী জসিম খানের উপর উপর্যপুরি হামলা চালায় এবং তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দৌড়ে পালিয়ে যায়। তিক্তজ্ঞান জসিম খানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় বারে উপস্থিত আইনজীবীগণ ও অন্যান্য বিচারপ্রার্থী জনগণ হতবিহ্বল হয়ে পড়েন। আইনজীবী সমিতি বলছে- উক্ত তাৎক্ষণিক সন্ত্রাসী ঘটনায় বারে উপস্থিত আইনজীবীগণসহ অপরাপর বিচারপ্রার্থী জনগণ ও মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যগণের মধ্যে গভীর উদ্বেগ ও এহেন নিরাপত্তাহীনতায় গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে। সমিতির সভাপতি মিজানুর রহমান অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক মোঃ জয়নুল হক অ্যাডভোকেট স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে এই ন্যক্কারজনক সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরণের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রশাসনের আশু জরুরি হস্তক্ষেপও কামনা করেছেন তারা। প্রতিবাদ লিপির অনুলিপি জেলা ও দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।