খালেদ আহমেদ :
সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মহৎ উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে ফ্রি সেলাই প্রশিক্ষণ শেষে ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটি। এ উদ্যোগ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টায় পাবনার শালগাড়িয়া শিমলা হাসপাতালের অডিটোরিয়ামে সনদ প্রদান, ফ্রি সেলাই প্রশিক্ষণ সমাপনী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিষু। তিনি বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জেলা পরিষদের জায়গায় একটি গণশৌচাগার নির্মাণের জন্য আবেদন করা যেতে পারে। আইনি জটিলতা না থাকলে তিনি জায়গা দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি বলেন, রোটারি ক্লাব যেহেতু মানুষের কল্যাণে কাজ করে, তাই আইনগত কোনো বাধা না থাকলে জেলা পরিষদের পক্ষ থেকে ক্লাবকে সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, “আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম, তখনও কোনো ঘুষ বা দুর্নীতি করিনি। এখন বয়স হয়েছে, এই দায়িত্ব আমার কাছে ইবাদতের জায়গা। এখানে বসে কোনো অন্যায় কাজ করবো না। জেলা পরিষদের মাধ্যমে মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন খাতে সহযোগিতার সুযোগ রয়েছে। আইনগতভাবে সম্ভব হলে অবশ্যই সহযোগিতা করবো।”
রোটারিয়ানদের উদ্দেশে তিনি বলেন, “রোটারিয়ান হিসেবে ক্লাবের সদস্যদের প্রতি আমার একটি আলাদা টান রয়েছে। সেই পুরোনো সম্পর্ক আজও মনে আছে।
প্রধান অতিথি জহুরুল ইসলাম বিষু প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা অত্যন্ত ভালো কাজ শিখেছেন। এর মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। আমি দেখেছি অনেক নারী ঘরে বসেই সেলাইয়ের কাজ করে ভালো আয় করছেন। আপনাদের কাছেও অনেক ক্রেতা আসবে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের সদস্যবৃন্দ।
প্রশিক্ষণে অংশ নেওয়া ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ১৭ জন উত্তীর্ণ হন। রোটারি ক্লাব অব নিউ সিটির পক্ষ থেকে উত্তীর্ণ ১৭ জনকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। পরে বিশেষ অতিথি সদর গোরস্থান ও মসজিদ কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম রব্বানী কামনা বাকি প্রশিক্ষণার্থীদেরও একটি করে সেলাই মেশিন প্রদান করেন।
ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মুকাদ্দিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আলহাজ্ব গোলাম রব্বানী কামনা।
স্বাগত বক্তব্য দেন প্রজেক্ট চেয়ার রোটাঃ রাজিব হোসেন।
রোটাঃ ডা. মঞ্জুরা রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন চার্টার্ড প্রেসিডেন্ট রোটাঃ আবুল হোসেন পিএইচএফ, রোটাঃ পিপিএম আবু মোহাম্মদ মোর্শেদ পিএইচএফ এবং রোটাঃ পিপিএম আলতাফ হোসেন পিএইচএফ।
প্রশিক্ষণে প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী বর্ষা খাতুন নীলা তার অনুভূতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ার রোটাঃ সিরাজুল ইসলাম পিএইচএফ, রোটাঃ রইস উদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং উপকারভোগী ৪০ জন নারী।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করা হয়। প্রশিক্ষণার্থীরা সম্মিলিতভাবে তাদের প্রশিক্ষককে সম্মাননা উপহার প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে তরজমাসহ পবিত্র কুরআন তিলাওয়াত করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রোটাঃ শফিউদ্দিন মিয়া।
