নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী কলেজের উদ্যোগে কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ উপলক্ষে রবিবার (৩১ মে) রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এসময় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা,বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল এবং সাধারণ সম্পাদক ডা. তাহমিনা শামীম তাসু। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিএনসিসির একটি চৌকস দল অতিথিদের গার্ড অব অনার প্রদান করে। এ সময় মেডিকেল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, মেরিন একাডেমি ও বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) লং কোর্সে ভর্তির সুযোগ পাওয়া রাজশাহী কলেজের ৩৪২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে মেধাবী ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি রাজশাহী কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে প্রকাশিত ‘কোয়াক’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। অনুষ্ঠানে শেষে রাজশাহী কলেজ চত্বরে বৃক্ষের চারা রোপন করা হয়।#
