অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ এ বরিশাল জেলায় শ্রেষ্ঠ ১২ ক্যাটাগরির মধ্যে ৩টি বিষয়ে আগৈলঝাড়া উপজেলায় প্রথম হয়েছে। এরমধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সভাপতি বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ ঘোষণা করা হয়। আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পদক- ২০২৬ যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বরিশাল জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন খান ও শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর (ইউপিইটিসি) মনোনীত হয়েছেন বিপুল চন্দ্র মজুমদার ও শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে উপজেলা সদরের আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।
রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন খান বলেন, ২০০৫ সালে পতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমি আইসিটি ফোর ই ডিস্ট্রিক্ট এ্যাম্বাসেডর, বিষয়ভিত্তিক ইংরেজি (টিএমটিই) প্রশিক্ষক ও বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষক। আমি একজন মাইক্রোসফট ইনোভেটর।
খেলাধুলা ও আবৃত্তিতে আমার পারদর্শিতা রয়েছে।
আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে পরপর তিনবার বরিশাল জেলায় শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। এর পূর্বেও তিনবার জেলায় শ্রেষ্ট ও বিভাগে ১ বার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় গৌরব অর্জন করেছিল।
