ইমাম গাযযালীতে রামিসা হত্যাকারীর মৃত্যুদণ্ড দাবি ও ব্রাকের শিক্ষা উপকরণ বিতরণ

খালেদ আহমেদ :
শিশু রামিশা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং ব্রাকের উদ্যোগে পাবনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১১টায় পাবনার ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। তিনি বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। রামিশা হত্যার মতো নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে এ ধরনের অপরাধ কমবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স (এসএসএফ) পাবনার এরিয়া ম্যানেজার সোহরাব হোসেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিশেষ করে মেয়েরা যেন বাল্যবিয়ে বা পারিবারিক নানা কারণে ঝরে না পড়ে, সে বিষয়েও আমরা কাজ করছি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাসিমা খন্দকার এবং ব্রাক এর মাইক্রোফাইন্যান্স পাবনা সদর এরিয়া ম্যানেজার আবু বিন আদহাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাহিদুর রহমান, আতিয়া সুলতানা, তাবাসসুম আক্তারসহ শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে ১০৫ জন শিক্ষার্থীর মাঝে জ্যামিতি বক্স, খাতা, কলম ও ফাইলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বর্তমানে পাবনার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্রাকের এসএসএফ কর্মসূচি চলমান রয়েছে।
এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশ, আর্থিক সেবা, আর্থিক শিক্ষা, শিক্ষা সুরক্ষা বীমা, শিক্ষক-শিক্ষার্থী ও বেকার যুবকদের প্রযুক্তি ঋণ এবং শিক্ষা ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের মে মাস থেকে সারাদেশে এ কার্যক্রম চালু রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে রামিসা হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা ধর্ষক ও হত্যাকারী সোহেল রানার মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন অধ্যক্ষ সুরাইয়া সুলতানা এবং নবম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা তাবাসসুম।
হুমায়রা তাবাসসুমের নেতৃত্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে। পরে অনুষ্ঠান শেষে সবাই মিলে ফটোসেশনে অংশ নেন।
এসময় ব্রাকের বিনামূল্যের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন করা শিক্ষার্থী হুমায়রা তাবাসসুম ইংরেজিতে একটি বক্তব্য প্রদান করেন।