রেলওয়ে পুলিশের অভিযানে হেরোইন উদ্ধার, নারী আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

রেলওয়ে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার এবং এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) রাতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পাকশির পুলিশ সুপার মেহেদী হাসানের নির্দেশে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. ফয়সাল বিন আহসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. তৈয়ব আলী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে থানার অধীন হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের “চ” বগির ৩ নম্বর সিটে বসে থাকা এক নারীকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ওই নারীর কাছে থাকা সাদা-কালো রঙের একটি ছোট ট্রাভেল ব্যাগের ভেতর থেকে দুইটি পলিথিন প্যাকেটে রাখা ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক নারী লিজা তাবাসসুম (৩২), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিয়ালা কলোনী এলাকার মৃত আবুল বাশারের মেয়ে।
পরে তাকে গ্রেফতার করে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাকশী রেলওয়ে থানার পুলিশ সুপার মো. মেহেদী হাসান জানান,রেলপথে মাদক পাচার প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।