ইয়ানূর রহমান : যশোরের শার্শার মাটিপুকুরিয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেল লুটে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে আটকসহ লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মাটিপুকুরিয়া গ্রামের ইয়াকুব আলীর বাড়িতে একই এলাকার রবি হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সদস্যদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা ইয়াকুব আলীর একতলা পাকা বাড়ির দেয়ালে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল এবং একটি হিরো স্প্লিন্ডার মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রবিকে বেনাপোল এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার কাছ থেকে লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। #
