রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ে যুবদলের দুই নেতা বহিষ্কার

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় গতকাল বুধবার (৬ মে) দুপুর পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। তবে এর আগে মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে রাজশাহী মহানগর যুবদল ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বিকেলে এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই তাদের বহিষ্কার করা হয়। রাজশাহী মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে বলা হয়েছে, আরডিএ কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কর্মকা-ে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো কর্মকা-ের দায় দল নেবে না। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে তাদের সম্পৃক্ততা স্পষ্টভাবে দেখা গেছে। তাই কারণ দর্শানোর নোটিশের অপেক্ষা না করে বহিষ্কার করা হয়েছে। যুবদল এর কোন দায় নেবে না। তাই আমরা আইনত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বলেন, চেয়ারম্যান রাজশাহীর বাইরে আছেন। তাই এখন আমরা কোন মামলা করতে পারছি না। তিনি আসলে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এই টেন্ডার থাকবে কি না মূল্যায়ন কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। নগরীর শাহমখদুম থানার (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ না পাওয়ায় আইনত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে নয়টার দিকে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতে দরপত্র বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। কয়েক মিনিট পর ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করা হয়। এ সময় ভবনের সামনে কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। দুপুর পর্যন্ত এলাকায় উত্তেজনা ছিল। এ ঘটনায় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরডিএ জানায়, গত ২০ এপ্রিল কয়েকটি পরিত্যক্ত ও ব্যবহার অনুপযোগী মালামাল নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। নিলামে প্রায় ৪০০টি শিডিউল বিক্রি হয়েছিল। কর্মকর্তাদের ধারণা, নিলামে থাকা মালামালের মোট মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#