নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ বোতল অবৈধ ও প্রাণঘাতী অ্যালকোহল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। উদ্ধারকৃত অ্যালকোহল শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে র্যাব।গ্রেপ্তার আমিনুল ইসলাম উপজেলার ধানগাছি এলাকার আব্দুস সাত্তারের ছেলে। র্যাব সূত্র জানায়, শনিবার (২ মে) রাত ১১টার দিকে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে ভবানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেন। তিনি আরও জানান, উদ্ধারকৃত অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যেই নিজের দখলে রেখেছিলেন।র্যাব আরও জানায়, উদ্ধারকৃত এই অ্যালকোহল অত্যন্ত ভয়ানক ও প্রাণঘাতী। সম্প্রতি রাজশাহীর বিভিন্ন এলাকায় এ ধরনের অ্যালকোহল সেবনের ফলে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে অধিক লাভের আশায় হোমিওপ্যাথিক ওষুধ বিক্রয়ের আড়ালে জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের কাছে এই অবৈধ মাদক সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।#
