হরিপুর তাঁতীহাটে গভীর রাতে ১২০টির মধ্যে ৬টি সরকারি সোলার প্যানেল চুরি

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের তাঁতীহাট গ্রামে সরকারি সেচ প্রকল্পের সোলার প্যানেল চুরির ঘটনা ঘটেছে। গত ২৮/০৪/২০২৬ তারিখ, মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা পাম্পের জন্য নির্ধারিত ১২০টি প্যানেলের মধ্যে ৬টি প্যানেল খুলে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁতীহাট গ্রামের দক্ষিণ দিকে স্থাপিত এই সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পটি এলাকার কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যানেলগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা তাঁতীহাট গ্রামের মৃত তালিয়ার ছেলে মোঃ হোকিম উদ্দিন জানান, মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র ১২০টি প্যানেলের মধ্য থেকে ৬টি প্যানেল সুকৌশলে খুলে নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, তাঁতীহাট থেকে বলীহন্ড পর্যন্ত রাস্তায় নিয়মিত মাদকসেবীদের আনাগোনা ও আড্ডা চলে। গভীর রাত পর্যন্ত এই এলাকায় নেশাখোরদের বিচরণ থাকায় স্থানীয়দের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করে। ধারণা করা হচ্ছে, এই মাদকসেবী বা তাদের সাথে জড়িত কোনো চক্রই এই চুরির ঘটনার সাথে লিপ্ত থাকতে পারে।

সরকারি এই সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জড়িতদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল। একই সাথে তাঁতীহাট-বলীহন্ড সড়কে টহল জোরদার করার দাবি জানিয়েছেন তারা।