রাজশাহীতে মাসব্যাপি বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর বোটানিক্যাল গার্ডেনের উত্তর পার্শ্বে নজরুল ভিলেজে মাঠ প্রাঙ্গণে মাসব্যাপি বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। গতকাল রোববার (২২ নভেম্বর) বেলা ১২টার সময় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উইমেন এন্টারপ্রেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব), রাজশাহীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, রাজশাহী চেম্বারের সহসভাপতি জিয়াউদ্দিন আহমেদ এবং আকবারুল হাসান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব, রাজশাহীর সভাপতি মোসা. আঞ্জুমান আরা পারভীন। এ আগে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ফুলের চেইন কেটে মেলা চত্বরে অন্য অতিথিদের নিয়ে প্রবেশ করেন এবং বেলুনগুচ্ছ উড়িয়ে দেন। আয়োজকরা জানান, স্থানীয় বস্ত্র ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন এবং নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ মেলায় মোট ৪৫টি স্টল অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।#