মশাহিদ আহমদ, মৌলভীবাজার : প্রতারনা ও টাকা আত্মসাৎ করার দায়ে ব্যাংক ম্যানেজার শরিফ উদ্দিন মিয়া‘র দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক। জানা গেছে- মৌলভীবাজার পদ্মা ব্যাংক চাঁদনীঘাট শাখার সাবেক ম্যানেজার শরিফ উদ্দিন মিয়া বিগত-২০২৩ সালে ম্যানেজার পদ ব্যবহার করে বুলগেরিয়া রাষ্ট্রে লোক পাঠানোর কথা বলে প্রায় ৪০জন লোকের নিকট থেকে ভিসার প্রসেসিং কার্যক্রমের জন্য ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে ব্যাংক থেকে বদলি হয়ে ঢাকায় চলে যান। পরবর্তীতে, মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর নিবাসী বদরুল ইসলাম ও বর্শিজোড়া নিবাসী সুলতান মিয়া বাদী হয়ে- প্রতারনা ও টাকা আত্মসাৎ এর দন্ড বিধির ৪০৬/৪২০ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন- ২০১৩ইং এর ৩১ ধারায় মৌলভীবাজার ১নং আমলী আদালতে মামলা ( জিআর-৩০২/২৪ ( সদর) দায়ের করেন। উক্ত মামলায় গত ১৮ এপ্রিল-২০২৬ই, ঢাকা মহানগর এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হন সাবেক ম্যানেজার শরিফ উদ্দিন মিয়া। গত ২৭ এপ্রিল ১নং আমলী আদালত, মৌলভীবাজার রিমান্ডের আবেদন দীর্ঘ সময় শুনানি হয়। আদালত শুনানি শেষে তাকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিতে অংশ গ্রহণ করেন- মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট জয়নুল হক, সিনিয়র আইনজীবী গিয়াস উদ্দিন, আবুল কাশেম ও অধ্যাপক সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী ।
