তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ন্যানসির ‘লাল সালাম’

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের কোনো তারকাকে মনোনয়ন না দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ‘লাল সালাম’ জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে ন্যানসি লিখেছেন, ‘গায়িকা-নায়িকা, অভিনেত্রী-মডেল এসব তারকাকে শোপিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আলোচনায় ছিল। এর মধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ আরও অনেকে। তবে চূড়ান্ত তালিকায় কোনো তারকাই স্থান পাননি।

সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

ন্যানসির এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ‘এ জন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী।’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনার সঙ্গে আমিও একমত।’

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি মনোনয়ন ফরম বিক্রি করে। শেষ পর্যন্ত দলটি তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করলে দেখা যায়, সেখানে শোবিজ অঙ্গনের কোনো প্রার্থী নেই।

পোষ্টটি দেওয়ার প্রায় দুই ঘন্টা পর ন্যানসি ‘লাল সালাম’ শব্দটি পরিবর্তন করে ‘অভিনন্দন’ শব্দটি লিখে দেন।