আবু ইসহাকঃ পাবনার আতাইকুলা থানার মধুপুর মাদারগাছী আলহেরা মাদ্রাসার হেফজোখানার ছাত্র জাহিদ হোসেন (৯) এর হত্যার বিচারদাবীতে শুক্রবার বিকালে পাবনা-ঢাকা সড়কের মধুপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাহিদ হোসেন আতাইকুলা থানার পুষ্পপাড়া ইউনিয়নের সোনাপুর গ্রামের মানিক হোসেনের একমাত্র ছেলে।
মানববন্ধনে বক্তারা বলেন মধুপুর মাদারগাছী আলহেরা মাদ্রাসার হেফজো খানার ছাত্র জাহিদ হোসেন মাদ্রাসায় থেকে কোরআন শরীফ শিখতো। গত ১০ এপ্রিল শুক্রবার বিকালে জাহিদের পিতা মানিক ছেলেকে মাদ্রাসায় দেখতে যান। এসময় মাদ্রাসা থেকে জানানো হয় জাহিদ সকালে বাড়ি গেছে। তখনি খোজা হয় জাহিদকে। পরদিন শনিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় অজ্ঞাত লাশের খবর পেয়ে থানায় গিয়ে জাহিদের লাশ শনাক্ত করেন পিতা মানিক হোসেন। তিনি বাদী হয়ে থানায় মামলা করেন। হত্যার আট দিন অতিবাহিত হলেও হত্যাকারীকে শনাক্ত বা গ্রেপ্তার হয়নি। হত্যাকারীদের বিচারদাবীতে জাহিদের পিতা মাতাসহ এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধনে বিচার দাবীতে বক্তব্য দেন জাহিদের পিতা মানিক হোসেন, জাহিদের চাচা সুলতান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুস সালাম, ইউপি সদস্য মিজানুর রহমান, দেলোয়ার হোসেন রাসেল প্রমুখ। জাহিদ হত্যার আসামি দ্রুত গ্রেফতার না হলে রাস্তা অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করবেন বলে তারা জানান।
