সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পেট্রোল মজুদের অভিযোগে সুমন সরদার (৩৭) নামের এক দপ্তরি কাম নৈশপ্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের মেসার্স সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন সরদার পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে। তিনি সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করে তা মজুদ রাখতেন এবং পরে বেশি দামে বিক্রির চেষ্টা করতেন। শুক্রবার সকাল থেকে তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রোল সংগ্রহ করেন।
পরে সন্ধ্যায় আবারও পেট্রোল নিতে গেলে তিনি ফিলিং স্টেশনে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ফিলিং স্টেশনে প্রভাব বিস্তার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।