বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
গত শুক্রবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রাম এলাকায় গাইবান্ধা-রংপুর আঞ্চলিক মহাসড়কের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুর রহমানের ‘ছ’ মিল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে এএসআই মোঃ মমিনুল ইসলাম ও কনস্টেবল মোঃ নুর উদ্দিনসহ একটি দল বিকেল ৪টার দিকে একটি সিএনজিতে তল্লাশি চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে সিএনজিটি তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রংপুর জেলার পীরগাছা থানার আদম সবুজপাড়া গ্রামের মোঃ জাহের আলীর ছেলে মোঃ আসাদুল ইসলাম (২৯) এবং গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর মিয়ার বাজার গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ ঈসা খান (৩৫)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
