সুন্দরগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।

রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তপন কুমার, উপজেলা যুব অফিসার আবু জাফর লস্কর, উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা পশূখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। তথ্যপ্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বিভিন্ন মডেল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশংসা কুড়ায়।
সমাপনী অনুষ্ঠানে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা স্টল ও প্রকল্প প্রদর্শনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে এক প্রাণবন্ত পরিবেশে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।