বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের আসাম থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এতে চলতি বছরে পাঁচ ধাপে দেশে মোট ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি আমদানি হলো।
গত ৭ এপ্রিল শুরু হওয়া ডিজেল পাম্পিং কার্যক্রম শুক্রবার (১০ এপ্রিল) রাতে শেষ হয়। পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে এই জ্বালানি পরিবহন করা হয়েছে।
পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসে চার ধাপে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।
এর আগে, গত ২৮ মার্চ ৫ হাজার মেট্রিক টন এবং ৩১ মার্চ ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।
আমদানি করা এই জ্বালানি পার্বতীপুরে সংরক্ষণ করা হবে এবং সেখান থেকে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাইপলাইন চালুর ফলে জ্বালানি পরিবহনে সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও হয়েছে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।
বিশেষজ্ঞদের মতে, এই পাইপলাইন প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে আমদানি ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
