গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে একটি সেতুর জন্য শরীফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়ন সহ আশপাশ এলাকার লক্ষাধিক মানুষ যাতায়াত, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ছিলেন চরম ভোগান্তিতে। শুধু গোলাপগঞ্জ উপজেলা নয় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলারও কুশিয়ারা তীরবর্তী হাজারো মানুষের সব অপেক্ষার অবসান ঘটিয়ে সেই জায়গায় হচ্ছে স্বপ্নের সেতু। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে সেতুটির সমীক্ষাকাজ শুরুর হয়েছে।
এ বিষয়ে সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জানান- গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য সমীক্ষাকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সেতুটি স্থানীয় জনসাধারণের চিরপ্রত্যাশিত। যত দ্রুত সম্ভব সমীক্ষা শেষ হয়ে মূল প্রকল্পের কাজ শুরু হবে। এটি বাস্তবায়নের পর শরীফগঞ্জ এবং বাদেপাশা ইউনিয়নের সাথে যোগাযোগব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। পাশাপাশি ভবিষ্যতে ওই স্থানকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার শাকিল আহমদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, বর্তমান সরকার কৃষকদের অত্যন্ত মূল্যায়ন করছেন। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন- কৃষকরা ভালো থাকলে ভালো থাকবে দেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুল আলম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।
এ অনুষ্ঠান শেষে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সাংসদ এমরান আহমদ চৌধুরী। এসময় সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা প্রদানের নির্দেশ দেন তিনি।
এরপর ঢাকাদক্ষিণ বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কাকেশ্বরী নদী ও ওই এলাকার দত্তরাইল মিনারপাড়ার গ্রামীণ রাস্তা পরিদর্শন করেন এমপি।
এসময় তিনি বলেন- ইতোমধ্যেই খাল খননের উপর সরকার গুরুত্বারোপ করেছে। ভরাট হয়ে খালে পরিণত হওয়া কাকেশ্বরী নদীও খনন করা হবে। এছাড়া ভাঙাচোরা গ্রামীণ রাস্তাগুলো যত দ্রুত সম্ভব সংস্কার করা হবে ইনশা আল্লাহ।
