নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে। এখানে জনগণসহ বিএনপির নির্বাচিত চারজন সংসদ সদস্যকে নিয়ে এই উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হবে বলে জানান তিনি। আর এই শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসতে যারাই বাধা দিবে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থার মধ্য দিয়ে শান্তি সুনিশ্চিত করা হবে। গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজারে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, আপনারা জানেন যে, এই মন্ত্রনালয়ের সঙ্গে প্রায় ১৬ টি প্রতিষ্ঠান জড়িত। সবগুলোকে সমন্বিতভাবে নিয়ে এসে তিনি এখানকার সন্তান হিসেবে রাজশাহী তথা দেশবাসীর উন্নয়নে কাজ করবেন। সেইসাথে রাজশাহী মহানগরীকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিএনপির আমলে রাজশাহীতে গ্যাস লাইন স্থাপন ও চালু করা হয়। আবারও গ্যাস সংযোগের ব্যবস্থা করা হবে। সেইসাথে রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো সচল করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের এমপি এডভোকেট. শফিকুল হক মিলন,মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী বারের সভাপতি এডভোকেট আবুল কাশেম, ডা. ওয়াসিম হোসেন, এডভোকেট এনামুল হক, এডভোকেট আলী আশরাফ মাসুম, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, এডভোকেট পারভেজ তৌফিক জাহেদি, এডভোকেট জমসেদ আলী, প্রফেসর ড. হাবিবুর রহমান ও প্রফেসর ড. ফৌজিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী নাগরিক কমিটির সদস্য সচিব প্রফেসর আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
