রাজশাহীতে মাহফিল নিয়ে দ্বন্দ্বে নিজ দলের কর্মীকে পিটিয়ে হত্যা

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার ওয়াজ মাহফিলের প্রধান অতিথি করা নিয়ে নিজ দলের কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। নিহত এই কর্মীর নাম এরশাদ আলী (৬০)। তিনি ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। এছাড়াও তিনি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী। অভিযুক্তরা জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী। উজ্জল জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে আলোচনায় বসেন এলাকাবাসী। আলোচনা চলাকালীন মাহফিলের প্রধান অতিথি করা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্যদিকে, এরশাদ আলীসহ অপরপক্ষ বর্তমান সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা প- হয়ে যায়। চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, এরশাদ আলী তারাবির নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ বেশ কয়েকজন তার পথরোধ করে। হামলাকারীরা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে এরশাদ আলীকে এলোপাতাড়ি মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে গেছে। এরশাদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।#