ক্ষতিপূরণসহ ৩ শর্ত পাকিস্তানের, আইসিসি বলছে সম্ভব না!

ভারতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, তা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি প্রধান দাবি পেশ করেছে। পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি কর্মকর্তাদের সঙ্গে লাহোরে অনুষ্ঠিত এক বৈঠকে পিসিবি স্পষ্ট করেছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হলে আগে বাংলাদেশের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

সংকট নিরসনে পিসিবির পক্ষ থেকে উত্থাপিত তিনটি দাবির মধ্যে প্রথমটি হলো, বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্বিতীয়ত, টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও বাংলাদেশের জন্য নির্ধারিত অংশগ্রহণ ফি বা পার্টিসিপেশন ফি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে আইসিসির বড় কোনো ইভেন্ট আয়োজনের অধিকার বাংলাদেশকে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে আলাদা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই বলে জানানো হয়েছে। তবে আইসিসির আয় থেকে বাংলাদেশকে তাদের পূর্ণ অংশ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই দাবিগুলোর বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। যদিও বোর্ডের কিছু কর্মকর্তা ভারতের বিপক্ষে খেলার পক্ষে মত দিয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন নাকভি।

এই অচলাবস্থা কাটাতে গত রোববার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লাহোরে আইসিসি ও পিসিবি কর্মকর্তাদের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে আইসিসি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য বিশেষ অনুরোধ জানায় এবং একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।

বিসিবি প্রধান আমিনুল ইসলাম কঠিন সময়ে বাংলাদেশের পাশে শক্তভাবে দাঁড়ানোর জন্য পিসিবি প্রধান মহসিন নাকভিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। জানা গেছে, আইসিসি এবং বিসিবির মধ্যে বিদ্যমান সমস্যা মেটানোর জন্য ইতোমধ্যে একটি বিশেষ ফর্মুলা প্রস্তুত করা হয়েছে।