হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
শাহ আব্দুল করিম ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর বাহিরগোলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকা অতিক্রম করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্যে রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মো. সামিউল ইসলাম, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা শিবিরের বিজ্ঞান সম্পাদক মো. শাকিল আহমেদ, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, পৌর সাংগঠনিক থানা সভাপতি মো. শাহিন সরকার, সাবেক সাংগঠনিক থানা সভাপতি মো. আবু রায়হান প্রমূখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। একটি কার্যকর ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়া ও সমস্যাগুলো যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপিত হচ্ছে না।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচন বারবার স্থগিত করার মাধ্যমে একটি গোষ্ঠী শিক্ষাঙ্গনে অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চায়। তারা বলেন, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
পথসভায় আরও বলা হয়, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা।
দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও পথসভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
