এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও চিত্র প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট চত্বরে এ আয়োজন করা হয়। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে ভিডিও প্রদর্শন করা হবে।
ভিডিও প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া, স্বল্প খরচে ও দ্রুত বিচার পাওয়ার সুযোগসহ সাধারণ মানুষের করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এতে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে উপস্থিত জনসাধারণের মাঝে ধারণা দেওয়া হয় ও প্রশ্নোত্তর পর্বে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আমানুর রহমান বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রাম পর্যায়ে সহজ ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। সেই লক্ষ্য নিয়ে সরকারের এমন উদ্যোগ।
