ভাসানী বিশ্ববিদ্যালয়ে ফরেনসিক ইনভেস্টিগেশন ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের উদ্যোগে ১২ নভেম্বর ২০২৫, বুধবার(১২ নভেম্বর) বিকালে সিপিএস বিভাগের সেমিনার হলে “ফরেনসিক ইনভেস্টিগেশন বিষয়ে অর্ন্তদৃষ্টি” ও “যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ” শীর্ষক সেমিনার ও মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

সেমিনার ও মাস্টার ক্লাস পরিচালনা করেন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস স্কুলের সহযোগী প্রধান (গ্লোবাল এনগেজমেন্ট) অধ্যাপক ড. গ্যারি ডালটন এবং ফরেনসিক স্টাডিজ ইনস্টিটিউট অব ক্রিমিনাল জাস্টিস স্টাডিজের সিনিয়র লেকচারার ড. হেলেন ইয়ারওয়াকার।

এছাড়া যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার মো. নুরুজ্জামান। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম।

উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর বলেন “ফরেনসিক ইনভেস্টিগেশন বিষয়ে অর্ন্তদৃষ্টি” এবং “যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ” শীর্ষক সেমিনার ও মাস্টার ক্লাস আমাদের শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আয়োজন। বিশ্বব্যাপী অপরাধ বিশ্লেষণ ও তদন্তে ফরেনসিক বিজ্ঞানের ভূমিকা দিন দিন বেড়ে চলেছে। এমন সময়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ এ বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়।

তিনি বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও গবেষণার পরিধি আরও প্রসারিত করবে এবং ভবিষ্যতে তারা আর্ন্তজাতিক মানের গবেষক ও পেশাজীবী হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও বিএসসি (সম্মান) ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও এমএস ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।