বড়াইগ্রামে ১৩ টন গুলির খোসা নিয়ে চাঞ্চল্য

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আইন মেনে কারখানাতে ব্যবহার করার জন্য গুলির খোসাগুলো আনা হয়েছে বলে তদন্ত শেষে জানিয়েছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের এমপি কার্টিজগুলো ওই এলাকার মা বাবা কন্সট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান নিলামে কিনে নেয়। পরে এ প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে কিনে নেন আহম্মেদপুর বাজার এলাকার শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সি মালিক শিহাব উদ্দিন। তিনি আহম্মেদপুর গ্রামের রফেজউদ্দিনের ছেলে। শুক্রবার রাতে ট্রাকবোঝাই করে গুলির খোসাগুলো এনে তার বাড়িতে গুদামজাত করেন। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার স্থানীয়রা পুলিশে খবর দেন।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। এমপি কার্টেজগুলো কারখানায় ব্যবহার করার জন্য নিয়ম মেনে রাজেন্দ্রপুর ক্যান্টমেন্ট থেকে বিক্রি করা হয়েছে। শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সির মালিক শিহাব এমপি কার্টিজ কেনার বৈধ কাগজ পত্র দেখিয়েছেন। এতে কোন আইনী জটিলতা নেই। তিনি এটা কারখানাতে ব্যবহার করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।