মহিষ বাঁচাতে গিয়ে কৃষি শ্রমিক অগ্নিদগ্ধ, অগ্নিদগ্ধ কৃষি শ্রমিকের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
মাঝরাতে আগুনে পুড়ছিল গোহাল ঘর। গোহালে বাঁধা ছিল প্রিয় মহিষ জোড়া। দুটি মহিষ ও ছাগলকে আগুনের উত্তাপে ছটফট করতে দেখে জীবনের ঝুঁকি নিয়ে গোহালে প্রবেশ করেন কৃষি শ্রমিক মাসুদ সরকার। চারদিকে আগুন জ্বলছে তখন। কোন রকমে কেটে দেন দগ্ধ মহিষের গলার রশি। পুড়ে ছাই হয়ে যায় গোহাল ঘর।

নিজের পালন করা মহিষ বাঁচাতে গিয়ে এভাবে নিজে দগ্ধ হন পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের হাবিল সরকারের ছেলে মাসুদ সরকার (৩২)। বৃহস্পতিবার দিবাগত মাঝরাতে রামনগর গ্রামে ঘটে এ ঘটনা।

মাসুদ সরকার জানান, প্রতিদিনের মতো গোহালে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে মহিষ ও ছাগল বেঁধে ঘুমিয়ে পরেন তারা। রাত সাড়ে এগারোটার দিকে তার মায়ের চিৎকারে ঘুম ভেঙ্গে যায় বাড়ির সবার। উঠে দেখেন গোহালে আগুন জ্বলছে। আগুন পরছে মহিষ ও ছাগলের শরীরে। মশার
কয়েল থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন তিনি। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় তিন লাখ টাকা দামের দগ্ধ মহিষ দুটি এখনও বেঁচে থাকলেও মারা গেছে ছাগলটি।

এ অগ্নিকান্ডের খবর পেয়ে শুক্রবার দুপুরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মূসা নাসের চৌধুরী মাসুদ সরকারের বাড়িতে যান। এসময় তিনি মহিষ ও মাসুদ সরকারের চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী প্রদান করেন।