নাটোর প্রতিনিধি
জাতীয় নিরাপদ সড়ক দিবসে মহাসড়ক সংস্কারের দাবি তুলেছেন নাটোর বাস মালিক ও চালকরা। এসময় শহরের ফুটপাথ গুলো দখল মুক্ত করে চলাচলের উপযোগি করে তোলার দাবি জানান চেম্বার নেতারাও। সড়ক সংস্কার কাজ চলমান থাকলেও ফুটপাথ দখল মুক্ত করা নিয়ে আশ্বাস না দিয়ে সাধারন জনগণকে সচেতন হতে আহবান জানিয়েছেন নাটোর জেলা প্রশাসক। বুধবার বেলা ১০টার দিকে নাটোর সড়ক পরিবহন নাটোর সার্কেল এর আয়োজনে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। সভায় জেলা প্রশাসক আসমা শাহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, নাটোর সড়ক পরিবহন নাটোর সার্কেল এর মোটরযান পরিদর্শক উত্তম দেব শর্মা, ট্রাফিক পরিদর্শক রেজাউল করিম, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ ও বাস মালিক সমিতির সদস্য আব্দুর রশিদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, নাটোর শহরের বাইপাস মোড়, নাটোর পাবনা মহাসড়ক, নাটোর বগুড়া মহাসড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে করে চালকরা গাড়ি গুলো ঠিক মতো নিয়ন্ত্রন করতে পারছে না। যানবাহন গুলো খানাখন্দে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়ন্ত্রন হারিয়ে বাড়ছে দুর্ঘটনা। দ্রুত মহাসড়ক গুলোর সংস্কার করা জরুরী। চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফ বলেন, শহরের ফুটপাথ গুলো ব্যবসায়ীদের দখলে। তারা সেখানে পন্য রেখে ব্যবসা পরিচালনা করছে। এতে করে সাধারণ জনগনের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
