যশোরে ছুরিকাঘাতে দুই ছাত্র আহত

ইয়ানূর রহমান : যশোর শহরের মুসলিম একাডেমি স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাইজিদ শিকদার (১৫) ও সাজিদ (১৫)। সাজিদ যশোরের ঘোপ নোয়াপাড়া এলাকার শরিফুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন। অপরদিকে, বাইজিদের বাড়ি যশোর শহরের ঘোপ, রাজুর বাড়ির সামনে এলাকায়। উভয়েই মুসলিম একাডেমির নবম
শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, তাদের বন্ধু আকাশকে যশোর জেলা স্কুলের ছাত্ররা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সাজিদ ও বাইজিদ বাধা দিলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ছুরি দিয়ে হামলা চালায়। ছুরিকাঘাতে তারা পায়ে গুরুতরভাবে আহত হয়।

মুসলিম একাডেমির শিক্ষকরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।#