মাদকাসক্তি প্রতিরোধে বালুচর ছোটশালিখা সমাজের সামাজিক নিষেধাজ্ঞা

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
বর্তমান পাবনার চাটমোহরে যত জটিল ও মারাত্মক সমস্যা রয়েছে, তন্মধ্যে মাদকদ্রব্য ও মাদকাসক্তি হ’ল সবকিছুর শীর্ষে। যুদ্ধের চেয়েও এটা ভয়ংকর। কারণ কোন যুদ্ধের মাধ্যমে একটি জাতি-গোষ্ঠীকে ধ্বংস করতে চাইলেও একেবারে তা নির্মূল করা সম্ভব নয়, যা কিনা মাদকতার মাধ্যমে সম্ভব।
পাবনা চাটমোহর বালুচর ও ছোটশালিখা মাদকতার হিংস্র ছোবলে এখন আক্রান্ত এবং দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ এ জাতির এখনও হুঁশ হচ্ছে না।
অন্যভাবে বলা যায়, আমাদের সমাজ এখন মাদক ক্যান্সারে আক্রান্ত। যার শেষ পরিণতি অনিবার্য মৃত্যু। সমাজকে মাদকমুক্ত করা সম্ভব না হ’লে জাতি ধ্বংসের অতল
গহবরে নিমজ্জিত হবে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব বালুচর ও ছোটশালিখা সমাজ ও মসজিদ কমিটির একটি জরুরী মিটিং অনুষ্ঠিত হয়।
বালুচর ছোটশালিখা সমাজের সভাপতি সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নানের সভাপত্তিত্বে ও সহ-সভাপতি আলহাজ¦ মো. রফিকুল ইসলামের উপস্থাপনায় আলোচনা হয় বর্তমান বালুচর ছোটশালিখা সমাজে মাদকতার ব্যাপক প্রসার ঘটছে। দিনে দিনে তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশা-শ্রেণীর মধ্যে মাদকাসক্তের হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কয়েক বছর পর এলাকায় সুস্থ লোক পাওয়া দুষ্কর হবে।
কমিটির আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে শুক্রবার মসজিদে ঘোষণা দেওয়া হয় যে, বালুচর ছোটশালিখা সমাজের মধ্যে যে পরিবারের সদস্য মাদক সেবন ও বিক্রেতা
হিসেবে পুলিশে হাতে গ্রেফতার হবে সেই পরিবার ও সদস্যকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। ইতি মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাদক সেবন ও অশ্লীলতার কারণে সমাজ থেকে সেই পরিবারকে বহিষ্কার করা হয়েছে।

বালুচর ছোটশালিখা সমাজের সভাপতি সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান বলেন, মাদকদ্রব্য প্রতিরোধের উপায় হলো নৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় বা প্রশাসনিক। প্রশাসন যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে প্রশাসনের সামনে অপরাধ কর্মকান্ড হওয়াই স্বাভাবিক। কারণ অপরাধীরা যখন দেখবে যে, অপরাধ করলে এর কোন প্রতিকার বা শাস্তি হয় না। অথবা বড় জোর থানা পর্যন্ত গেলে কারো ফোনের মাধ্যমে ছাড়া পাওয়া যায়। অথবা কোর্টে গেলে সহজে যামিনে বের হওয়া যায় ও কিছুদিন পর খালাসও পাওয়া যায়। তখন তারা আরো বেপরোয়া হবে। এজন্য মাদক প্রতিরোধে আইন প্রশাসনের সাথে সাথে সামাজিক ভাবে কঠোর কার্যকর ভূমিকা পালন করতে হবে।