টেবুনিয়ায় সৃজন বাংলা ও উৎসর্গ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

খালেদ আহমেদ,পাবনা : “সময়মতো রক্তদান বাঁচাতে পারে অমূল্য প্রাণ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৃজন বাংলা ও উৎসর্গ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) পাবনার টেবুনিয়া ওয়াছিম পাঠশালায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশু মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে ডেকে এনে সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়।

কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা দেয় উৎসর্গ ফাউন্ডেশন ব্লাড ব্যাংক। সার্বিক আয়োজনে নেতৃত্ব দেন সৃজন বাংলার সভাপতি আসাদুর রহমান খান। উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আল-আমিন, সদস্য রাকাতুল্লাহ শেখ ও আকমল হোসেন, উৎসর্গ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আমজাদ হোসেন, টেকনোলজিস্ট ওবাইদুল্লাহ তারেক, সদর উপজেলা শাখার সহ-সভাপতি ফারহান রাব্বি প্রমুখ।

২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করছে সৃজন বাংলা। সংগঠনের সভাপতি আসাদুর রহমান খান বলেন, “আমাদের মূল উদ্দেশ্য মানবসেবা। প্রতিটি মানুষ যাতে তার রক্তের গ্রুপ জানতে পারে এবং প্রয়োজনে অন্যকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। যাদের রক্তের গ্রুপ নির্ণয় করি, তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করি। পরবর্তীতে কারও রক্তের প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করে দাতাকে সংযুক্ত করা হয়। এর মাধ্যমে আমরা একদিকে মানবসেবায় কাজ করছি, অন্যদিকে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করছি।”

স্থানীয় মানুষ এ আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।