চাটমোহরে সামজিক অবক্ষয়, অশ্লীলতা, প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ ও গ্রেফতারের দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে মধুচক্রের অশ্লীলতা বন্ধের ও চক্রের সংকলক গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (৩০ আগস্ট) দুপুরে চাটমোহর থানামোড় আমতলায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়।
চাটমোহর নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা -৩ এলাকার সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরা,  পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখুন, পৌর ছাত্রদল, উপজেলা যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। চাটমোহরের সুশীল সমাজ, ছাত্র, সচেতন মহল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহর পৌর সদরে ও এর আশপাশে বসবাসরত কয়েকটি পরিবারের উচ্ছৃঙ্খল কিশোর কিশোরী ও যুবক যুবতী সম্প্রতি একটি মধুচক্র তৈরি করেছেন। যে চক্রে বুঝে নাবুঝে শিশু-কিশোররা ঝুঁকে পড়ছেন। বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড, কিশোর গ্যাং, মাদক সেবন, ব্ল্যাকমেইলিং সহ নানাবিদ অপরাধই যাদের নেশা। দীর্ঘদিন পর্দার আড়ালে এ সকল ঘটনা ঘটলেও সম্প্রতি একটি চক্রের ইয়াবা সেবন, গাজা সেবন, মদ সেবন, অশ্লীল নিত্য সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের চোখের সামনেই এগুলো ঘুরতে থাকে দিনের পর দিন। প্রশাসনকে বিভিন্ন সময় জানানোর পরেও এখন পর্যন্ত প্রশাসন এ সকল মধুচক্রের সাথে সংশ্লিষ্ট কোন সদস্যকে আটক করতে পারেনি। সুপরিচিত এই সকল মধুচক্রের সদস্যদের আটকের দাবি ও চাটমোহরের যুবসমাজকে মাদক ও অশ্লীলতা থেকে দূরে রাখতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে এই সকল অশ্লীলতা, মাদক সেবনকারীকে আটক না করলে প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে চাটমোহরের সাধারণ মানুষ। মানব বন্ধন শেষে চাটমোহর থানা নির্বাহী অফিসারকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।