কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তায় ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে তুলার বস্তায় মিনি ট্রাকে করে গাঁজা বহনকালে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার রাতে কালিহাতীর এলেঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইলের ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- আমিনুল (৩৫), বাবু (৩৬) এবং মোজাহিদ (২৫)। তাদের মধ্যে আমিনুল ট্রাকচালক ও বাবু ট্রাকের হেলপার এবং মোজাহিদ মাদক কারবারি। উদ্ধার গাঁজার মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন মাদক কারবারি হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছেন।

পরে রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের মিনি ট্রাকে থাকা তুলার বস্তার ভেতর থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।