সিংড়ায় কচুরিপানার চাপে বাঁশের সেতু নদীতে বিলীন- ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের একমাত্র বাঁশের সেতুটি কচুরিপানার চাপে ভেঙে
নন্দকুজা নদীতে বিলীন হয়ে গেছে। ফলে,ভোগান্তিতে পরেছে তিনটি উপজেলার ২২ গ্রামের কয়েক হাজার মানুষ । শুক্রবার (২৫ জুলাই) বিকেলে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ও কচুরিপানার অতিরিক্ত চাপে সেতুটি ভেঙে পড়ে।

জানা যায় , উপজেলার চামারী ইউনিয়নের হোলাইগাড়ি জাগরণী সংঘের উদ্যোগে ২০০৮ সালে স্থানীয় ২২টি গ্রাম থেকে চাঁদা তুলে এই বাঁশের সেতুটি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ এ সেতু ব্যবহার করে পারাপার করতেন। এখন সেতুটি ভেঙে পড়ায় ওই এলাকার সাধারণ মানুষের
চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জাগরণী সংঘের সদস্য জহির আহমেদ বলেন, নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন , গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এবং সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মানুষের এই ব্রিজটিই ছিল এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা। এই বাঁশের ব্রীজ ব্যবহার করেই চামারী ডিগ্রী কলেজ , উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতো শিক্ষার্থীরা । এছাড়া চামারী হাট ,ঈদগাহ, গোরস্থান ,মাদ্রাসা , প্রাণ ও ব্র্যাকের দুধ সংগ্রহ কেন্দ, ব্যাংক বীমা এবং বানিজ্যক প্রতিষ্টানে যাতায়াত করতো এলাকার মানুষ ।হঠাৎ কচুরিপানার চাপে ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। আমরা দ্রুত একটি টেকসই সেতুর দাবি জানাচ্ছি।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, বাঁশের সেতুটি ভেঙে
যাওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।