বাগাতিপাড়ায় নাগরিক দুর্ভোগে প্রতিকার চেয়ে বিক্ষোভ, স্মারকলিপি পেশ

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় নাগরিক সেবা সংকট, অকার্যকর পরিষেবা ও অযৌক্তিক কর আরোপের বিরুদ্ধে রোববার (২৭ জুলাই) বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পৌরবাসী। মালঞ্চি রেলগেট থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজনের কাছে ১৮ দফা দাবিসহ একটি স্মারকলিপি পেশ করেন তারা।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হঠাৎ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ রেইটসহ একাধিক খাতে কর আরোপ করা হয়েছে, অথচ নাগরিক সেবা নেই। স্ট্রিটলাইট অচল, ড্রেনেজ ভেঙে পড়েছে, রাস্তাঘাট বেহাল। একই বাড়িতে একাধিক বিল, মৃত ব্যক্তির নামে কর আদায়ের অভিযোগও করেন তারা।বিক্ষুব্ধ জনতা বলেন, “টিউবওয়েল, রাস্তাসব নিজের খরচে করি, তবুও কর দিতে হয়!” অভিযোগ রয়েছে জন্ম-মৃত্যু সনদ পেতে ঘুরতে হয় দিনের পর দিন, সংশোধনের জন্য কিনতে হয় ফরমও।জনগণ জানান, তিন দিনের মধ্যে অবৈধ কর বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজন জানান, আগামী ২৯ তারিখে পৌরসভার সদস্যদের নিয়ে মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।পৌর এলাকার প্রায় ২০ হাজার নাগরিক চরম দুর্ভোগে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।