নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় জুলাই স্মরণসভায় মারা যাওয়া পরিবারে সদস্যরা তাদের বক্তব্যে কান্নায় ভেঙে পরেন। দাবী জানান জুলাই আন্দোলনে নিহতের সাথে জড়িতদের বিচার করা। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. খন্দকার আজিম আহমেদ,বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম,মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানসহ শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক প্রমুখ। স্মরণসভায় বক্তারা বলেন,জুলাই আন্দোলনের শহীদরা দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ে জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তাদের পরিবারের শোক আমরা উপলব্ধি করি। এবং জুলাই আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় মাইলফলক হয়ে থাকবে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#
