রাজশাহীতে জুলাইয়ের শহীদদের স্মরণে এতিম ও দুস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে রাজশাহীতে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা। গতকাল বুধবার দুপুরে মহানগরীর শিরোইল এলাকায় দাওয়াতুল ইসলাম ট্রাস্ট পরিচালিত এতিমখানায় খাবার বিতরণের আয়োজন করা হয়। রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় শহীদ আলী রায়হান, সাকিব আনজ্মুসহ জুলাই অভ্যুত্থানে শহীদ সব তরুণের আত্মত্যাগ স্মরণ করে শুরু হয় খাবার বিতরণ কার্যক্রম। তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী। এসময় তিনি বলেন,যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই আত্মত্যাগের চেতনা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র। আমরা জুলাইয়ের চেতনায় উজ্জীবিত। কোনো ফ্যাসিস্ট বা তাদের দোসরদের হাতে দেশ তুলে দেওয়া হবে না। ইসলামী দলগুলো এক হচ্ছে। আমরা আন্দোলনের চেতনাকে ভুলুণ্ঠিত হতে দেব না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন,মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন,মহানগর জামায়াতের,সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ।