সাঁথিয়ায় সড়কের পাশে পুকুর খনন করায় ২ লক্ষ টাকা জরিমানা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় উপজেলার সড়কের পাশের জমিতে পুকুর খনন করে মাটি বিক্রয়ের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অসাধু মাটি ব্যবসায়ীকে।
জানাযায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরপ নামক স্থানে মাধপুর- সাঁথিয়া সড়কের পাশে পুকুর খনন করে দীর্ঘ দিন ধরে মাটি বিক্রয় করছিল অসাধু মাটি ব্যবসায়ীরা। মঙ্গলবার সন্ধ্যায় সড়কে খননকৃত মাটির গাড়ীর সাথে মুখোমুখি দেখা হয় উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার। তিনি মাটি পরিবহনের গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদ করলে সে জানান, মাধপুর গ্রামের খোরশেদ আলী ছেলে মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলামের হয়ে তিনি মাটি বিক্রয় করছেন। উপজেলা নির্বাহী অফিসার চালককে নিয়ে স্বরপ মাটি খননের স্থানে গেলে দেখতে পান প্রায় ৮/১০টি গাড়ীতে মাটি বিক্রয় করা হচ্ছে। এ কাজে দুটি এস্কোবিটার দিয়ে মাটি কাটছে।
সরকারি বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১)ধারা অনুযায়ী মাটি ব্যবসায়ী আশরাফুল ইসলামকে অপরাধী হওয়ায় তাকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের জেল প্রদান করেন ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১)ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। আমি ইতিপূর্বে দুই বার উক্ত স্থানে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না পেয়ে ফিরে আসি। মঙ্গলবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেছি। সরকারি নিয়ম সড়ক থেকে ১ কিলোমিটার দুরো পুকুর খনন করতে হবে। এ নিয়ম না মানায় সরকারি সড়কের পাশ থেকে মাটি কাটায় সড়ক হুমকীর মুখে রয়েছে। অবৈধ মাটি খননসহ সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।##