শার্শার লিটন হত্যা মামলার আরও ৪ আসামি আটক

ইয়ানূর রহমান : শার্শা র দুর্গাপুরের বিএনপি কর্মী লিটন হত্যা মামলার
এজাহারভুক্ত আরও চার আসামিকে ডিবি পুলিশ আটক করেছে । বৃহস্পতিবার (১২
জুন) বিকালে অভিযান চালিয়ে ঢাকা বিমানবন্দর ও সন্ধ্যায় তুরাগ এলাকা হতে
তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মামলার অন্যতম আসামি শার্শার দুর্গাপুরের মোমিন মিয়া,
সেলিম মিয়া, আক্তার হোসেন ও রমজান আলী। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত দা ও লাঠি উদ্ধার করা হয়েছে।

যশোর ডিবি পুলিশের সুত্র জানায়, ডিবি’র ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞার
নেতৃত্বে এসআই রাজেশ কুমার দাশ, এসআই কামাল হোসেন ও মামলার তদন্ত
কর্মকর্তা এসআই শেখ আশরাফুল আলমের সমন্বয়ে একটি টিম ঢাকা বিমানবন্দর
এলাকায় অভিযান চালিয়ে ১ নং আসামি সেলিমকে আটক করে। পরে তার
স্বীকারোক্তিতে তুরাগ এলাকার একটি কবরস্থানের পাশ থেকে বাকিদের আটক করা হয়। তারা সকলেই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া রমজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ আরো জানায়, গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর গ্রামের
চেয়ারম্যানের মোড়ে পূর্ব শত্রুতার জেরে লিটনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে
হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো দা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে
কুপিয়ে গুরুতর জখম করা হয়। লিটনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে
হামলাকারীরা পালিয়ে যায়। হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ
ঘটনায় লিটনের বাবা আজগর আলী বাদী হয়ে ১৭ জনের নামে শার্শা থানায় মামলা
করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।

উল্লেখ্য, এর আগে ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত
থাকার অভিযোগে বিএনপি নেতাসহ চারজনকে আটক করে আদালতে সোপর্দ করে। তারা হলেন, আজগর আলী, শমসের আলী, শামসুর হক ও ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হক
মিয়া।