নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম শহরের রাহাত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদেরকে। গ্রেপ্তাকেৃত দুজন হলেন-,নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের খোরশেদ আলম ও ভুটু প্রামানিক।এর আগে ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন। সেদিন টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। এর পর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়। এ সময় প্রায় হাজার খানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্যও আহত হন। গতকাল বুধবার দুপুরে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পরপরই বাগমারা থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম থেকে আনার পর দুই আসামিকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।#
