হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতঘরের শয়নকক্ষ থেকে মা ও পাঁচ বছর বয়সী ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর সতিন ও স্বামীর দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজড়া কঞ্চিবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ি থেকে নিহত আঁখি বেগম (৪২) ও তাঁর ছেলে আদিল মিয়ার (৫) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আঁখি বেগম আব্দুর রাজ্জাকের প্রথম স্ত্রী এবং আদিল তাঁদের ছেলে। আব্দুর রাজ্জাক বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর দুই স্ত্রী। চাকরির সুবাদে তিনি প্রথম স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের কোয়ার্টারে বসবাস করতেন। প্রায় দেড় মাস আগে বদলি হওয়ার পর প্রথম স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে রেখে কর্মস্থলে চলে যান তিনি।
এদিকে দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগম এক সন্তানকে নিয়ে বাড়ির একটি ঘরে এবং প্রথম স্ত্রী আঁখি বেগম তাঁর তিন সন্তানকে নিয়ে অন্য ঘরে বসবাস করতেন। গত এক সপ্তাহ ধরে আঁখি বেগমের দুই মেয়ে একই গ্রামে তাঁদের নানার বাড়িতে অবস্থান করছিল। ঘটনার দিন মঙ্গলবার আঁখি বেগম ছোট ছেলে আদিলকে নিয়ে বাড়িতে ছিলেন।
বিকেল ৫টার দিকে আঁখি বেগমের বড় মেয়ে রোজোয়ানা বেগম নানার বাড়ি থেকে এসে ঘরের দরজা খুলে বিছানায় মা ও ছোট ভাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে মা-ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরুতহাল প্রতিবেদন তৈরি করে। পরে রাত ৮টার দিকে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
নিহত আঁখি বেগমের মেয়ে রোজোয়ানা বেগমের অভিযোগ, তাঁর সৎমা শাহিনা বেগম পরিকল্পিতভাবে তাঁর মা ও ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। দীর্ঘদিন ধরে তাঁর মায়ের সঙ্গে সৎমায়ের বিরোধ চলছিল। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
এদিকে ঘটনার পর আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য বুধবার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শাহিনা বেগমকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদনে শ্বাসরোধের মাধ্যমে হত্যার আলামত পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিনা বেগম হত্যার দায় স্বীকার করেছেন।
বুধবার বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো এজাহার জমা পড়েনি। তবে নিহত আঁখি বেগমের বাবা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
